২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক সমাবেশে নোমান-নাছির

দীর্ঘদিন পর একসঙ্গে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি'র দুই প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন পর একসঙ্গে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি'র দুই প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সাবেক মন্ত্রী ও বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং সাবেকমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বুধবার বিকালে নগরীর লালদীঘি চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অংশ নেন। সমাবেশের পর তারা একত্রে একটি বিশাল মিছিলেও অংশ নেন। এর আগে সর্বশেষ গত মে মাসে নগরীর লালদীঘির মাঠে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে একত্রে উপস্থিত ছিলেন। এ দুই প্রভাবশালী বিএনপি নেতার বিরোধ দীর্ঘদিনের। তাই দুনেতার একত্রে রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি দলীয় অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। দুজনই চট্টগ্রাম মহানগর বিএনপি'র কোনো পদে না থাকলেও নানা কারণে তারা গুরুত্বপূর্ণ। যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, "সরকার রাষ্ট্রপরিচালনায় চরমভাবে ব্যর্থ। দেশে আইনের শাসন ও গণতন্ত্র হুমকির সম্মুখীন।" সরকারদলীয় সন্ত্রাসীরা প্রশাসনের ছত্রচ্ছায়ায় বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর চরম দমন-পীড়ন চালাচ্ছে দাবি করে নোমান বলেন, "এভাবে দেশ চলতে পারে না।" তিনি সব অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে যুবদলের কর্মীদের প্রতি আহবান জানান। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, "খালেদা জিয়াকে তার বাড়ি ছাড়তে সরকার বাধ্য করলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীরা চট্টগ্রাম থেকেই পতনের আন্দোলন শুরু হবে।" তিনি সরকারকে দমন-পীড়নসহ সব ধরনের অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান। মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপিনেতা এএম নাজিম উদ্দিন, মাহাবুবুর রহমান শামীম, শামসুল আলম, এমএ সবুর, অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল লালদীঘি পাড় থেকে শুরু হয়ে কোতয়ালী মোড়, নিউ মার্কেট, স্টেশন রোড হয়ে নাসিমন ভবনে বিএনপি'র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৫ঘ.