চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাছান মাহমুদ বলেছেন, ১/১১ এর পর দলের অনেকে যখন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা ফেলেছিলেন সেসময় শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন আতাউর রহমান খান কায়সার।
সোমবার বিকালে নগরীর মুসলিম ইন্সটিটিউটে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শোকসভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "রাজনীতির বণিকায়ন ঘটেছে। যে ধরণের মানুষের হাতে রাজনীতি থাকা দরকার কায়সার ভাই সে ধরণের রাজনীতিবিদ।"
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের শোকসভায় সভাপতিত্ব করেন সাংসদ মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল ও কলেজটি আতাউর রহমান খান কায়সার ও তার সহধর্মিনী নিলুফার কায়সারের নামে নামকরণের প্রস্তাব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উত্তর জেলার সহ সভাপতি রফিকুল আনোয়ার, অধ্যাপক মাইনুদ্দিন, সাংসদ এ বি এম আবুল কাশেম, দক্ষিণ জেলার সহ সভাপতি সুলতানুল কবির চৌধুরী ও আতাউর রহমান খান কায়সারের কনিষ্ঠ কণ্যা মুনিজা আয়েশা খান।
সংসদ উপনেতা এ প্রস্তাব সমর্থন করে চট্টগ্রামের মেয়রকে তা বাস্তবায়নের অনুরোধ করেন। তিনি বলেন, নামকরণের জন্য চট্টগ্রামের সিটি মেয়রকে আমি ডিও (উপআনুষ্ঠানিক) চিঠি পাঠাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০২৬ঘ.
bdnews24