২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরোধী ইনু

পুনর্বাসন পরিকল্পনা ছাড়া হকার উচ্ছেদের বিরোধিতা করে ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা হলে তারা আন্দোলনে নামবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্বাসন পরিকল্পনা ছাড়া হকার উচ্ছেদের বিরোধিতা করে ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা হলে তারা আন্দোলনে নামবেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বৃহস্পতিবার জানান, যানজট নিরসনে ১ নভেম্বর থেকে রাজধানীর ফুটপাতের হকার উচ্ছেদ শুরু হবে। এর একদিন পর শুক্রবার এক সভায় জাসদ সভাপতি ইনু বলেন, "শ্রমজীবী তথা হকার, রিকশাচালকদের শ্রমে সভ্যতার চাকা সচল রয়েছে। পরিকল্পনা ছাড়া তাদেরকে উচ্ছেদ করার সিদ্ধান্ত হবে অমানবিক।" সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "শ্রমজীবী মানুষদের উচ্ছেদ করা হলে দলের পক্ষ থেকে আন্দোলন করা হবে।" জাসদের ৩৮শ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'চলমান নগর সমস্যা' শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনু। মহানগরীর বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ইনু বলেন, "ঢাকা মহানগরের সমস্যা সমাধানে শুধু আলোচনাই হয়। কিন্তু এর কোনো বাস্তবায়ন দেখা যায় না।" "তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নেওয়া হয়। এতে সাময়িক সমাধান হলেও পরবর্তী সময়ে বেশি সমস্যা দেখা দেয়", বলেন তিনি। ঢাকা মহানগরের ১৪টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ রেখেছে জাসদ। যানজট নিরসনে ঢাকা এবং চট্টগাম মহানগরীতে চলাচলে আগামী ছয় মাসের জন্য করমুক্ত বাস আমদানির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান ইনু। সভায় বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসাইন আখতার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫২০ ঘ.