যশোর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময় বিএনপি ও মুক্তিযোদ্ধারা সমাবেশ ডাকায় যশোরের চৌগাছা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরের হাইস্কুল মাঠ ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা থাকবে বলে চৌগাছা থানার ওসি মো. খলিলুর রহমান জানান।
ওসির বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, শনিবার বিকাল ৩টায় হাইস্কুল মাঠে সমাবেশ ডাকে স্থানীয় বিএনপি।
এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
কিন্তু একইস্থানে একই সময় আরেকটি সমাবেশ ডাকে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
ওসি জানান, এ নিয়ে উত্তেজনা দেখায় দেওয়ায় দুপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করা হয়েছিলো।
কিন্তু কোনো পক্ষই সমঝোতায় রাজি না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে বিএনপি ও মুক্তিযোদ্ধাদের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24