শেরপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুরের নকলা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপির এক কর্মী খুন হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার গণপদ্দি চিথলীয়া গ্রামে উঙ্গা মিয়া (৫০) নামের এই বিএনপি কর্মী নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
তিনি গ্রামের বুলু মুন্সীর ছেলে।
এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে নকলা থানার ওসি এ কে এম ফসিহুর রহমান সাংবাদিকদের জানান, গণপদ্দি চিথলীয়া গ্রামের আব্দুল জলিল, আব্দুল বারেক ও চান মিয়াদের সঙ্গে ওই গ্রামের উঙ্গা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে উঙ্গা মিয়া শেরপুর থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরি দিয়ে পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিএনপি'র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী অভিযোগ করেন, পূর্ব শত্র"তার জের ধরে বিএনপি'র কর্মী উঙ্গা মিয়াকে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা হত্যা করেছে।
তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী দাবি করেন, উঙ্গা মিয়া এলাকার কুখ্যাত চোর। পুলিশের তালিকায় তার নাম রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এটা স্পষ্ট নয়।
তিনি দাবি করেন, স্থানীয় বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হত্যাকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই জড়িত নয়।
ওসি জানান, হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রাত ৮টা পর্যন্ত নকলা থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24