ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার জন্য খালেদা জিয়া সরকারকে দায়ী করলেও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অনুমতি না নিয়ে রেললাইন ঘেঁষে জনসভা করাতেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "রেল লাইন ঘেঁষে নির্দিষ্ট সীমার মধ্যে জনসভা করাসহ জনসাধারণের চলাচল দণ্ডনীয় অপরাধ। এজন্য রেলওয়ে কর্তৃপক্ষের অগ্রীম অনুমোদনের প্রয়োজন হয়। অনুমোদন না নিয়ে বিরোধী দল ওই সীমার মধ্যে জনসভা করেছে। তারা দণ্ডনীয় অপরাধ করার কারণেই দুর্ঘটনা ঘটেছে।"
সিরাগঞ্জের সয়দাবাদে সোমবার খালেদার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। খালেদার দাবি, এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে তার দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।
যোগাযোগমন্ত্রী বলেন, "বিরোধীদলীয় নেতা এ হতাহতের দায়-দায়িত্ব সরকারের ওপর চাপানোর চেষ্টা করেছেন। এটা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার নামান্তর।"
আবুল হোসেন জানান, ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২৩ থেকে ২৫ কোটি টাকা নিরূপণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
তবে চূড়ান্ত হিসেবে এ ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে, বলেন তিনি।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে মন্ত্রী বলেন, "পূর্ব পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটে না, বিরোধী দলের পূর্ব প্রস্তুতি ছিলো।"
সিরাজগঞ্জের দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ও ঘটনার তদন্ত করবে বলে জানান আবুল হোসেন।
তিনি বলেন, রেল কর্তৃপক্ষ একটি মামলা করছে। সুষ্ঠু তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24