ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "সব জেলা ও থানায় এই কর্মসূচি পালিত হচ্ছে। এসব সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিএনপি শাসকদলের এ ধরনের হীন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে।"
শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন উপজেলা চেয়ারম্যান বাবু (৩৮)। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন বনপাড়া পৌর বিএনপির সভাপতি বাবু।
বিএনপির অভিযোগ, নাটোরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুবলীগকর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
ওই হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সেদিনই রোববার নাটোরে পূর্ণদিবস হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নাটোরে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
নাটোরের ওই ঘটনার প্রতিবাদে শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সারাদেশে বিক্ষোভ করছে বিএনপি। আগামী মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ করবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০৪৬ ঘ.
bdnews24