ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ক্ষমতাসীন দল 'প্রজেক্ট' গ্রহণ করেছে। বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু এই 'প্রজেক্টের' নির্মম শিকার বলে তিনি দাবি করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা-কর্মীদের কথিত হামলায় সানাউল্লাহ নূর বাবু নিহত হওয়ার ঘটনায় শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারের প্রশ্রয়ে যুবলীগ ও ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। মনে হয় বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যই তারা প্রজেক্ট গ্রহণ করেছে। আওয়ামী লীগ সন্ত্রাসীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য ও দলীয়করণসহ নানা অপকর্মের বিরুদ্ধে কেউ যাতে সোচ্চার না হতে পারে সেজন্যই তারা বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা শুরু করেছে।"
তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং ওই ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
শুক্রবার নাটোরে বিএনপির মিছিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু (৩৮) নিহত হন বলে প্রধান বিরোধী দল অভিযোগ করেছে।
হামলায় বিএনপির আরো অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়।
পৃথক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাবু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24