২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার ও ১৫ অগাস্ট নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিরুদ্ধে দায়ের করা মামলাকে 'রাষ্ট্রদ্রোহ মামলা' হিসেবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার ও ১৫ অগাস্ট নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিরুদ্ধে দায়ের করা মামলাকে 'রাষ্ট্রদ্রোহ মামলা' হিসেবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত আদেশ সম্বলিত একটি ফ্যাক্সবার্তা চট্টগ্রাম জেলা পুলিশ বরাবর বুধবার সন্ধ্যায় এসে পৌঁছায়। জেলা পুলিশের পক্ষ থেকে ওই মামলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ১৫ অগাস্ট ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফটিকছড়ির বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আবু তাহের উদ্দিন গত বছরের ৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাকা চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় মামলা করেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে জনৈক ব্যক্তির করা মামলাটি রাষ্ট্রদ্রোহের মামলা হিসেবে অনুমোদনের একটি ফ্যাক্সবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছি। মামলাটির বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদনও পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি আদালতকে অবহিত করা হবে। গত বছরের ৩ ডিসেম্বর মামলা দায়েরের পর ওইদিনই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার হোসেন সাকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে এই মামলায় জামিনে রয়েছেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলনে সা কা চৌধুরী প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেছিলেন, "১৫ আগস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।" বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, "এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।" ওইদিন তার এ বক্তব্য কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাকা চৌধুরীর এই বক্তব্য বঙ্গবন্ধু হত্যাকারীদের উৎসাহিত করেছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়, সাকা চৌধুরী স্বাধীন দেশের আইন-আদালত, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫০ ঘ.