২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাত বছর পর ছাত্রলীগের সম্মেলন

নতুন নেতা নির্বাচন করতে সাত বছর পর শনিবার খুলনায় মহানগর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 04:51 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

খুলনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নেতা নির্বাচন করতে সাত বছর পর শনিবার খুলনায় মহানগর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় নগরীর শিববাড়ী মোড়স্থ জিয়া হলে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, এদিন নির্বাচনের পরিবর্তে মনোনয়নের মাধ্যমে কমিটির মূল তিনটি পদ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় এবং খুলনা মহানগর আওয়ামী লীগের নেতারা। মহানগর ছাত্রলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও তাদের সমর্থক নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও কর্মব্যস্ততা সৃষ্টি হয়েছে। সর্বশেষ ২০০৩ সালের ১৪ জুলাই খুলনা মহানগর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে শফিকুর রহমান পলাশকে সভাপতি এবং ফারুক হাসান হিটলুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হয়েছে। মহানগর সভাপতি পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কয়েক বছর সম্মেলন না হওয়ায় কমিটির শীর্ষ নেতাদের বেশিরভাগের ছাত্রত্ব নেই। এছাড়া অনেকে বর্তমানে ব্যবসা ও চাকরি করছেন। বিদেশেও চলে গেছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে চলতি বছরের শুরুতেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় কমিটি উদ্যোগ নেয়। পদপ্রত্যাশীদের শিক্ষাগত যোগ্যতা, ভোটার আইডি কার্ড, অধ্যায়নরত শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র আহবান করা হয়। গত ১৫ জুন ছিলো আবেদনপত্র গ্রহণের শেষ সময়। ঈদুল ফিতরের পরের দিন কেন্দ্রীয় দুই নেতা খুলনা সফরে এসে আলোচনার মাধ্যমে সম্মেলনের তারিখ নির্ধারণ করেন ২৯ সেপ্টম্বর। পরবর্তীতে সম্মেলনের তারিখ পিছিয়ে ২ অক্টোবর নির্ধারণ করা হয়। শনিবার সম্মেলনের উদ্বোধন করার কথা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহামুদ হাসান রিপনের। প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের। এছাড়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ খুলনার নেতারা থাকবেন বিশেষ অতিথি হিসেবে। সম্মেলনে সভাপতিত্ব করছেন মহানগর ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের কমিটির সভাপতি পলাশ। সভাপতি পদপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন দেব দুলাল বাড়ই বাপ্পী, মুশফিকুর রহমান সাগর, দোলন কুমার মিস্ত্রি, তাসলিমুল হক মার্শাল এবং তমাল কান্তি ঘোষ। সাধারণ সম্পাদক পদ পাওয়ার প্রত্যাশায় আছেন শেখ সুজন, বি এম মহিম, বিধান চন্দ্র রায়, রিপন খান, তানভীর ইসলাম বাবু এবং কামাল হোসেন। এই সম্মেলন প্রসঙ্গে পলাশ বলেন, "সৎ, যোগ্য এবং অধ্যয়নরত মেধাবী ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। কোনো সন্ত্রাসী বা অছাত্র কমিটিতে স্থান পাবে না।" সম্মেলন সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৭ ঘ.