ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসস-র অবস্থাকে খুবই 'করুণ' অভিহিত করে এজন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দুষেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
শনিবার আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গণমাধ্যমের ওপর বিএনপি-জামায়াত জোট সরকারের 'হস্তক্ষেপের' কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, "বিএনপি-জামাত জোট সরকারের আমলে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে সরকারের বার্তা সংস্থা বিএসএস অন্যতম। বিএসএস-এর বর্তমান অবস্থা খুবই করুণ। "
গণমাধ্যমের ওপর বর্তমান সরকারের কোনো নিয়ন্ত্রণ কিংবা বিধিনিষেধ নেই বলেও দাবি করে আবুল কালাম আজাদ বলেন, "বর্তমান সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। মিডিয়ার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ কিংবা বিধিনিষেধ নেই।"
বক্তব্যের এক পর্যায়ে তিনি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক-কর্মচারীদের দীর্ঘ ৯৫ মাস বেতন-ভাতা না পাওয়ার সমস্যার সমাধান কয়েকদিনের মধ্যে হয়ে যাবে বলেও জানান।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ওমর ফারুক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে গত দুই বছরে মৃত সাংবাদিকদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সম্মেলনে সিনিয়র সাংবাদিকদের মধ্যে শাহজাহান মিঞা, আলহাজ্ব জহিরুল ইসলাম, স্বপন সাহা, কার্তিক চ্যাটার্জি, আজিজুল ইসলাম ভূঁইয়া, আবদুল জলিল ভূঁইয়া, সাইফুল আলম, শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এএল/জিএনএ/২১৩৫ ঘ.
bdnews24