২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাবা হত্যার' বিচার চাইলেন সাকা

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার বাবাকে হত্যা করা হয়েছে দাবি করে বলেছেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে তেমনি তার বাবার হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 02:24 PM

Updated : 26 Apr 2022, 12:48 AM

চাঁদপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার বাবাকে হত্যা করা হয়েছে দাবি করে বলেছেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে তেমনি তার বাবার হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদেরের বাবা সাবেক মুসলিম লীগ সভাপতি ও পাকিস্তানের স্পিকার ফজলুল কাদের চৌধুরী ১৯৭৩ সালের ১৮ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা যান। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, "মুজিব হত্যার রায় কার্যকর করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক এজেন্ডাই বাস্তবায়ন করেছে।" বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, "আমি কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। আবার কাউকে ফাঁসি দেওয়াও সমর্থন করি না।" চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার চাঁদপুর আসেন। দুপুর ১টার দিকে শহরের পৌর ঈদগাহ মাঠে সম্মেলন উদ্বোধন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মির্জা আব্বাস। সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সালাউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি দিলেন। অথচ এদের নেপথ্যে যারা ছিল তাদের বিচার করছেন না কেন?" তিনি আরো বলেন, "৭৫ সালের ১৫ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যে সরকার ছিল তার খুব কাছে ছিল অনেক আওয়ামী লীগ নেতা। যারা এখন প্রধানমন্ত্রী বা সরকারের আশপাশে আছে, আবার কেউ কেউ উপদেষ্টাও। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ভয় সেখানেই।" সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে সালাউদ্দিন বিচারকদের সমালোচনা করেন। প্রায় সময়ই নানা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করে আলোচিত এই রাজনীতিক বলেন, "জজ সাহেবকে দায়িত্ব দেওয়া হল সিনেমা হলের বিষয়ে নিষ্পত্তি করতে। আর তিনি রায়ে বাতিল করলেন পঞ্চম সংশোধনী। "তার মনে রাখা উচিত, ওই সংশোধনীতেই তার শপথ ও নিয়োগ হয়েছিল। যার সুবাদে তিনি এখন জজ। আর হঠাৎ করে ওইসব জজ এখন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেছেন।" তিনি বলেন, "গত দুই বছর এদেশের জজরা ছিলেন রাজাকার, আর এখন হয়ে গেছেন মুক্তিযোদ্ধা। এদের জাতি ক্ষমা করবে না।" আইন সংশোধন করতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়নি, বলেন সালাউদ্দিন। সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করে বলেন, রাজাকারদের তালিকা প্রস্তুত করার যে উদ্যোগ সরকার নিয়েছে তা একটি ভাল পদক্ষেপ। তারা মুক্তিযোদ্ধাদের তালিকাও প্রস্তুত করছে। বিষয়টি না জানি এমন হয়, রাজাকারদের তালিকা মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি বড় হয়ে যায়। সংসদে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সরকার যদি বিরোধীদলের নেতা-কর্মীদের কাঁথা-বালিশ নিয়ে টানাটানি করে; বিরোধীদলীয় নেত্রীর বাড়ি দখল করতে যায় তাহলে সংসদে কীভাবে যাবে বিরোধী দল?" বিএনপি সংসদে যেতে আগ্রহী- এ কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, সরকার পরিবেশ সৃষ্টি করলেই তারা সংসদে যাবেন। চাঁদপুর বিএনপির আহ্বায়ক সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান ও গোলাম আকবর খন্দকার, সংসদ সদস্য হারুনুর রশিদ, রাশেদা বেগম হীরা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/২০১৭ ঘ.