২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে যুক্তি-তর্ক

বঙ্গবন্ধু হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৯ দিনের শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্কের মূলে উঠে এসেছিলো সেটি হত্যাকাণ্ড না সেনা বিদ্রোহ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 04:17 AM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৯ দিনের শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্কের মূলে উঠে এসেছিলো সেটি হত্যাকাণ্ড না সেনা বিদ্রোহ ছিলো। আপিল বিভাগের নির্ধারণ করে দেওয়া পাঁচ যুক্তিতে এ শুনানিকালে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণতান্ত্রিক ধারা অব্যাহত ও সংবিধান সমুন্নত রাখতে ভবিষ্যতে কোন অবৈধ ক্ষমতা দখলকারীকে শপথ না পড়াতে বিচারপতিদের প্রতি আহবান জানান। তিনি বলেন,"বিচারপতিদের মধ্য থেকে ভবিষ্যতে আর কেউ যেন প্রধান সামরিক প্রশাসক না হন। বিচারপতিরা মরে যাবে, কিন্তু কেন প্রধান সামরিক আইন প্রশাসক হবেন।" শুনানিকালে সাক্ষ্য-প্রমাণের বিশ্লেষণে হত্যাকাণ্ডের সময় তখনকার সেনাপ্রধান জেনারেল কে এম সফিউল্লাহ, চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) খালেদ মোশাররফ, খন্দকার মোশতাক আহমেদ, জেনারেল জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমানসহ বিভিন্ন ব্যক্তির ভূমিকার বিষয়টি উঠে এসেছে। সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, হত্যাকাণ্ডের খবর শুনে জিয়া বলেছিলেন, 'সো হোয়াট। ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। আপহোল্ড দি কনস্টিটিউশন।' যুক্তিতর্কের সময় আদালতও বিভিন্ন মন্তব্য করে। আদালত তৎকালীন সেনা প্রধান জেনারেল সফিউল্লার বিষয়ে বলেছিল, 'তিনি হয়ত কাপুরুষ ছিলেন।' আপিল বিভাগ পাঁচ যুক্তিতেই আসামিদের আপিলের অনুমতি (লিভ মঞ্জুর) মঞ্জুর করে তার মধ্যেই আইনজীবীদের বক্তব্য সীমাবদ্ধ রাখতে বলে। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামিপক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন কড়া নিরাপত্তার মধ্যে শুনানি শুরু হয়। ১২ নভেম্বর শেষ হয় । শুনানির প্রথম যুক্তি ছিলো, হাইকোর্ট দুটি আলাদা ও সমান্তরাল রায় দিয়েছে। পৃথক পৃথকভাবে তারা রায়ে স্বাক্ষর করেছেন। এই আলাদা আলাদা রায় হাইকোর্ট বিভাগের রায় হিসেবে বিবেচিত হতে পারে না। আসামিপক্ষ এই যুক্তির সমর্থনে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারপতির রায়কে রায় বলা যায় না। একে দুটি মতামত বলা যায়। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে, দ্বিধাবিভক্ত রায়ের ক্ষেত্রে প্রত্যেক বিচারপতির রায়কেই রায় বলা যাবে। তবে সেক্ষেত্রে তৃতীয় বিচারপতি রায় দিলে তিনটি মিলেই তাকে হাইকোর্টের রায় বলা যাবে। আর তৃতীয় বিচারপতির সিদ্ধান্তই চূড়ান্ত। দ্বিতীয় যুক্তি ছিলো, হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারক কেবল দণ্ডিত ছয় আসামির আপিল বিষয়ে শুনানি গ্রহণ করেছিলেন। পুরো ডেথ রেফারেন্স মামলার ওপর শুনানি গ্রহণ না করে তৃতীয় বিচারপতি রায় দিয়েছেন। এতে তিনি আইনগতভাবে ভুল করেছেন। আসামিপক্ষ এই যুক্তির সমর্থনে বিভিন্ন দেশের উচ্চ আদালতের মামলার নজির তুলে ধরে বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারপতির বিভক্ত রায় হলে পুরো বিষয়টি নিষ্পত্তি করবেন তৃতীয় বিচারপতি। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। রাষ্ট্রপক্ষ থেকে শুনানিতে এর জবাবে বিভিন্ন মামলার নজির উপস্থাপন করে বলা হয়েছে, তৃতীয় বিচারপতি হাইকোর্টের দ্বৈত বিচারপতির রায়ের দ্বিমতের অংশটুকু নিষ্পত্তি করবেন। ছয় আসামির বিষয়ে হাইকোর্টের দুই বিচারপতির রায়ে দুই মত হওয়ায় তৃতীয় বিচারপতি যথার্থই সেই অংশটুকুর বিচার নিষ্পত্তি করে সঠিক কাজ করেছেন। তাছাড়া হাইকোর্টের দ্বৈত বিচারপতির রায়ের পুরো না দ্বিমতের অংশ বিচার করবেন তার একক এখতিয়ার তৃতীয় বিচারপতির। তৃতীয় যুক্তি ছিলো, বঙ্গবন্ধু হত্যার ঘটনা ঘটেছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। আর মামলা হয়েছে ১৯৯৬ সালের ২ অক্টোবর। অর্থাৎ ঘটনার ২১ বছর পর। এতো দিন পরে মামলা করায় সাক্ষ্য-প্রমাণে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়টি বিবেচনা না করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এই যুক্তি সমর্থন করে আসামিপক্ষ শুনানিতে বলেছেন, মামলা দায়েরে দীর্ঘ বিলম্বের সুবিধা আসামিরা পাবে। বিলম্বে মামলা দায়েরের যথাযথ কারণও বাদী দিতে পারেননি। বাদী দাবি করেছেন, অনুকূল পরিবেশ না থাকায় এ দেরি হয়েছে। তাহলে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার চার মাস পরে কেন মামলা দায়ের করা হলো। দেরিতে মামলা দায়েরের সুবিধা আসামিরা পাবে। এর জবাবে রাষ্ট্রপক্ষ বলেছে, বাদী মহিতুল ইসলাম ঘটনার পর প্রথম যখন মামলা করতে যায়, তখন থানার ওসি তাকে বলেছিল, তুইও মরবি আমাদেরও মারবি। জীবনের ভয়ে বাদি তখন মামলা করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তিনি শঙ্কামুক্ত হওয়ার পরই মামলা দায়ের করেছেন। আর ফৌজদারি মামলার বিচারের ক্ষেত্রে এজাহার দেরিতে দায়ের কোনো বাধা নয়। চতুর্থ যুক্তি ছিলো, সাক্ষ্য-প্রমাণ ও তথ্য বলে, এটি বিদ্রোহের মামলা। সাধারণ কোনও হত্যা মামলা নয়, ষড়যন্ত্রমূলক বিদ্রোহের মাধ্যমে তৎকালীন শেখ মুজিব সরকারকে অপসারিত করার মামলা। আসামিপক্ষ এই যুক্তির সমর্থনে শুনানিতে বলেছেন, ১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়েছে। আসামিদের হত্যার উদ্দেশ্য ছিলনা। রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের উদ্দেশ্যে ওই বিদ্রোহ হয়েছিল। সেনা বিদ্রোহের ক্ষেত্রে বিচার হবে সেনা আইনে কোর্ট মার্শালে। সাধারণ আইনে বিচার হওয়ায় সেই বিচার বাতিল হয়ে গেছে। আসামিপক্ষ এ মামলার পুনর্বিচারও দাবি করেছে। অপরদিকে রাষ্ট্রপক্ষ বলেছে, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য ষড়যন্ত্র হয়েছে। কোনো সেনা বিদ্রোহ হয়নি। হত্যার উদ্দেশ্য না থাকলে বঙ্গবন্ধুকে হত্যার আগে নিচে শেখ কামালকে হত্যা করা হতো না। হত্যাকাণ্ড ঘটানোর জন্য আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল। হত্যার সেই পরিকল্পনার অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। সাধারণ আদালতে আইন মেনেই এ হত্যাকাণ্ডে বিচার হয়েছে। সেনা আইনে কোর্ট মার্শালে বিচার হলে আসামিপক্ষ তাদের যুক্তি সমর্থন করার এত সুযোগ পেতো না। পঞ্চম যুক্তি হলো: সাক্ষ্য-প্রমাণে যথাযথ মূল্যায়নের মাধ্যমে দণ্ডবিধির ৩৪ ধারায় সংজ্ঞায়িত হত্যার 'একই উদ্দেশ্যে'র মামলা এটি নয়। তৃতীয় বিচারপতির রায়ে সাক্ষ্য-প্রমাণের যথাযথ মূল্যায়ন হয়নি। এই যুক্তির সমর্থনে আসামিপক্ষ বলেছে, এ মামলায় সাক্ষীদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতির সুবিধা আসামিরা পাবে। হত্যার অভিন্ন উদ্দেশ্য এ মামলার সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণিত হয়নি। জবাবে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কে বলেছে, মূল বিষয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে মিল রয়েছে। আসামিরা হত্যার অভিন্ন উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এছাড়া যুক্তিতর্কের সময় আসামিপক্ষ বলেছে, আপিলকারী পাঁচ আসামী দীর্ঘদিন ধরে কারাগারের কনডেম সেলে বন্দি থেকে মৃত্যুযন্ত্রণা ভোগ করছে। দীর্ঘদিন কারাভোগের কারণে তারা আসামিদের দণ্ড কমানোর আবেদন জানান। এর জবাবে রাষ্টপক্ষ বলেছে, ১৫ আগস্ট হত্যাকারীরা নৃশংস ও জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা বাংলাদেশের স্থপতি জনপ্রিয় একজন মানুষ শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তিনজন নারীকে হত্যা করেছে। হত্যা করেছে ১০ বছরের শিশু রাসেলকে। বিভিন্ন মামলার নজির উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ বলেছে, জনপ্রিয় ব্যক্তি, নিরীহ মানুষ, নারী ও শিশু হত্যাকারীদের ক্ষেত্রে অনুকম্পা বা দণ্ড কমানোর কোনো সুযোগ নেই। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান, আবদুর রেজ্জাক খান ও আবদুল্লাহ আল মামুন। অপরদিকে রাষ্ট্রপক্ষে মূল যুক্তি উপস্থাপন করেন এ মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমালুল হোসেন কিউসি ও তৌফিক নেওয়াজ। এ মামলার আপিল শুনানি গ্রহণে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১০০৮ ঘ.