চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই সোমবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে এক 'মতবিনিময়' সভা শেষ করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নেতারা।
মহানগর জামায়াত ইসলামীর আমীর সাংসদ মুহাম্মদ শামসুল ইসলাম সঙ্গের দলীয় নেতাদের পরিচয় করিয়ে দিয়ে মঙ্গলবার লালদীঘি মাঠে অনুষ্ঠেয় জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেই মতবিনিময় সভা শেষ করে দেন।
এ ব্যাপারে শামসুল ইসলামকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি জানান, 'শুধু জনসভার তথ্য জানানো এবং মধ্যাহ্নভোজের জন্যই এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে'।
দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, ইসলামী রাজনীতি নিষিদ্ধের 'ষড়যন্ত্রের প্রতিবাদ' ও চট্টগ্রাম বন্দর 'রক্ষার' দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার বিকালে নগরীর লালদীঘির মাঠে জনসভার আয়োজন করেছে।
এতে দলের কেন্দ্রীয় আমীর মতিউর রহমান নিজামী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবে।
দীর্ঘদিন পর চট্টগ্রামে বড় কোনো জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী।
মতবিনিময় সভায় নেতাদের মধ্যে দলের নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আহসান উল্লাহ, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যক্ষ আমীরুজ্জামান, দক্ষিণ জেলার আমীর অধ্যক্ষ জাফর সাদেক, মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি গভীর রাতে নগরীর আগ্রাবাদে জামায়াত ইসলামীর কর্মী ডা. একরামুল হক ও মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহর মালিকানাধীন একটি ভবনে অবস্থিত ছাত্র শিবিরের তিনটি মেস থেকে পুলিশ অস্ত্র ও গোলাবারুদসহ জামায়াত ও শিবিরের ১২ জন কর্মীকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর জামায়াত ও ছাত্র শিবির চট্টগ্রামে কোণঠাসা অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, এ সংক্রান্ত কোনো অপ্রীতিকর বক্তব্য এড়াতেই সোমবারের মতবিনিময় সভা তড়িঘড়ি করে শেষ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২২০১ঘ.
bdnews24