ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিতে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের করা আবেদনের শুনানি আবার পিছিয়েছে।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার আগামী ২৭ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছেন।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি পেছানোর আবেদন করেন।
আদালত গত বৃহস্পতিবার শুনানির তারিখ পিছিয়ে রোববার দিন ধার্য করেছিলো।
এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেকসহ ছয়জন আসামি। তারেক বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র।
মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪২৩ ঘ.
bdnews24