২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দেলোয়ারের

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলছেন, তাকে নিয়ে ইমাম অসত্য বক্তব্য দিয়েছেন। দেলোয়ারকে ইঙ্গিত করে ইমাম শুক্রবার বলেন, "ভারতের সঙ্গে চুক্তি নিয়ে তাদের (বিরোধী দল) প্রভুদের স্বার্থরক্ষা হয়নি। যারা ক্যান্টিন থেকে খাবার চুরি করে নিয়ে যায় তারাই এখন হৈ চৈ করছে।" এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব শনিবার সাংবাদিকদের বলেন, "এইচ টি ইমামের বক্তব্য অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। তিনি ওই মিথ্যা বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।" সাবেক চিফ হুইপ দেলোয়ারের বিরুদ্ধে সংসদীয় একটি স্থায়ী কমিটি সংসদের ক্যান্টিন ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ তোলে। তবে তা ভিত্তিহীন বলে দাবি করে আসছেন তিনি। সরকারি চাকরিতে থাকাকালীন বিভিন্ন সময় এইচ টি ইমাম দুর্নীতি করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "এইচ টি ইমামের বিরুদ্ধেই নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ওই রকম অভিযোগের কারণে চাকরিতে তার ডিমোশন হয়েছিলো।" দেলোয়ার বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর খোন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে গঠিত সরকারের শপথ অনুষ্ঠান এইচ টি ইমাম পরিচালনা করেছিলেন। বিএনপি মহাসচিব দুপুরে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (এ্যাব) এর নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। এরপরই তার সঙ্গে সাংবাদিকদের কথা হয়। ওই সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সাংসদ জয়নুল আবদিন ফারুক, এ্যাব এর আহ্বায়ক আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭০০ ঘ.