ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর সীমানা বাড়াতে গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার অংশবিশেষও ঢাকা সিটি করপোরেশনের আওতায় আনবে সরকার।
পাশাপাশি ঢাকার আশাপাশে একাধিক উপশহর গড়ে তোলা হবে।
বুধবার গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলীর লিখিত প্রশ্নের উত্তরে শেখ হাসিনা সরকারের এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, "গাজীপুর পৌরসভার উত্তর সীমানা, দক্ষিণে- ধলেশ্বরী নদী, পশ্চিমে বংশী ও ধলেশ্বরী নদী এবং পূর্বে- শীতলক্ষ্যা নদী ও সোনারগাঁও থানার অংশ বিশেষ ও মেঘনা নদী পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন এর আওতায় আনা হবে।"
পরিকল্পনা অনুমোদনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ঢাকা সিটি করপোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ, টঙ্গী, গাজীপুর, সাভার, কদম রসুল, সিদ্ধিরগঞ্জ ও তারাবো পৌরসভাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।''
এজন্য রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় ৫৯০ বর্গমাইল (১৫২৮ বর্গ কিলোমিটার) এলাকাব্যাপী ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (১৯৯৫-২০১৫) প্রণয়ন করা হয়েছে।
এছাড়া একাধিক স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৭০২ঘ.
bdnews24