সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সিলেট নগরীর বাগবাড়ি শামীমাবাদ এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
উভয়পক্ষের আহত শফিকুল, অলক, রুবেল, রাজন, আলমগীর, রাজু ও শিমুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
কোতোয়ালি থানার ওসি মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার মনিকা সিনেমা হলের সামনে একটি স্থানে ছাত্রদলের কিছু সমর্থক নিয়মিত বসে আড্ডা দেয়।
রাত ১০টার দিকে ছাত্রলীগ সমর্থক সুরুজ, হাসান ও জাহাঙ্গীরসহ কয়েকজন ওই স্থানটির দখল নিতে গেলে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোটা ব্যবহার করে উভয়পক্ষ।
এ সময় তারা এলাকার এমএম টেলিকম, সুমন ভিসিডি সেন্টার, মইনুল স্টোর ও উৎসব লাইটিং নামে চারটি দোকান ভাংচুর করে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24