সুমন মাহবুব
নয়া দিল্লি থেকে
নয়া দিল্লি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল।
শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের জন্যই তাকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট জানায়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিভা পাতিল বলেন, "সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শেখ হাসিনার ক্রুসেড আজ সবার জানা। তিনি নিজের জীবনের ওপর হুমকি নিয়েও সাহসের সঙ্গে তা মোকাবেলা করছেন।"
সন্ত্রাসবাদ মোকাবেলায় শেখ হাসিনার সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ভারতের প্রেসিডেন্ট।
তিনি বলেন, "সন্ত্রাসীরা ভারতকেও তাদের হামলার লক্ষ্য করেছে। কিন্তু তাদের সে অশুভ ইচ্ছাকে আমরা সফল হতে দেবো না।"
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার দীর্ঘ সংগ্রামের প্রশংসা করেন প্রতিভা পাতিল।
পুরস্কার গ্রহণ করে শেখ হাসিনা বলেন, "আমি বিশ্বাস করি গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তিতে। আমার দেশের জনগণকে দারিদ্র্যের শিকল এবং সন্ত্রাসের কবল থেকে মুক্ত করতে আমি সংকল্পবদ্ধ। মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠা করাকে আমি আমার দায়িত্ব বলে মনে করি।"
পুরস্কার দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টকে ধন্যবাদ জানান তিনি।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করে হাসিনা বলেন, তিনি নিজের জীবনকে শান্তি, ন্যায় ও গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ইন্দিরা গান্ধীর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "বঞ্চিত ও নিষ্পেষিত মানুষের জন্য তার সংকল্পবদ্ধ অবস্থান শুধু ভারতের সীমানার মধ্যেই আটকে থাকেনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন শোষণ, রক্তবন্যায় ভেসে তীব্র যন্ত্রণার শিকার, তখন তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আবেদন জানিয়েছিলেন।"
তিনি বলেন, "বাংলাদেশ ও ভারত একই ইতিহাসের অংশ। মূল্যবোধ ও জীবনযাত্রার দিক দিয়েও প্রায় একই। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার একটি দুর্লভ সুযোগ আমাদের সামনে।"
বাংলাদেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে হাসিনা বলেন, এসব ক্ষেত্রে সাফল্য আমাদের কাক্সিক্ষত শান্তির পথে নিয়ে যাবে যা উন্নয়নের পূর্ব শর্ত।
তিনি স্বদেশ প্রত্যাবর্তনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'সোনার বাংলা' এবং শান্তির জন্য লড়াইয়ের অঙ্গীকারের কথাও স্মরণ করেন।
হাসিনা বলেন, "স্বাধীনতার পর সুযোগ্য নেতৃত্বের বলে ভারত উন্নতির পথে এগিয়ে যায়। অপরপক্ষে, বাংলাদেশ স্বাধীনতার পর বিভিন্ন অগণতান্ত্রিক শক্তির অপতৎপরতা ও সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনার কারণে দেশের উন্নয়ন বার বার বাধাগ্রস্ত হয়।"
দুই দেশের সাধারণ মানুষের শান্তি, মুক্তি ও উন্নয়নের জন্য পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মহাত্মা গান্ধীর উক্তি স্মরণ করে শেখ হাসিনা বলেন, "আমরা যা দেখতে চাই আমাদের নিজেদেরই তাতে বদলে যেতে হবে। আমাদের ভবিষ্যত বংশধরদের জন্য আমাদের আরো সবুজ-সুন্দর এবং সমান সুযোগ ও সম্ভাবনাময় একটি পৃথিবী রেখে যেতে হবে যা হবে আমাদের বর্তমান পৃথিবীর চেয়েও সুন্দর।"
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, বিশ্বের নেত্রী।
কংগ্রেস প্রধান ও ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারম্যান সোনিয়া গান্ধী তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমান একইভাবে গণমানুষের জন্য কাজ করে গেছেন। আর তার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন শেখ হাসিনা।
পুরস্কার হিসেবে শেখ হাসিনাকে ২৫ লাখ রুপি এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে। মনমোহন সিংয়ের সভাপতিত্বে আন্তর্জাতিক জুরি বোর্ড গত বছরের নভেম্বরে হাসিনকে পুরস্কারের জন্য মনোনয়ন করে।
ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে ১৯৮৬ সাল থেকে। বাংলাদেশিদের মধ্যে এর আগে ১৯৯৮ সালে এ পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস।
এ পুরস্কার পাওয়াদের মধ্যে রয়েছেন- কফি আনান, বিল গেটস, মিখাইল গর্বাচেভ, হামিদ কারজাই, আল বারাদেই, ওয়াংগারি মাথাই প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৮৪৩ ঘ.
bdnews24