২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০৭ কোটি টাকার হদিস নেই: নানক

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জাতীয় মৎস্যজীবী সমিতির নামে সমবায় অধিদপ্তরের ১০৭ কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 12:06 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জাতীয় মৎস্যজীবী সমিতির নামে সমবায় অধিদপ্তরের ১০৭ কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি শনিবার সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে বলেন, "ওই সময় মৎস্যজীবী সমিতির নামে যে ঋণ দেওয়া হয়, তার মধ্যে ১০৭ কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। "ওই টাকায় কেনা ট্রলারগুলোও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব ট্রলার কি সাগরে ডুবে গেছে, না এখনো আছে; তা কেউ জানে না। এ নিয়ে সরকার বিব্রতকর অবস্থায় রয়েছে।" সমবায় অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয় ও বিভাগীয় সহকারী নিবন্ধক থেকে নিবন্ধক পর্যন্ত এবং জেলা সমবায় কর্মকর্তারা ওই সম্মেলনে যোগ দেন। সরকারের বিভিন্ন দিক-নির্দেশনা ও নীতি-নির্ধারণী সিদ্ধান্ত জানানোর মধ্য দিয়ে রোববার এ সম্মেলন শেষ হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা জেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন। সম্মেলনে বিভাগীয় ও জেলা সমবায় কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে জনবল সঙ্কটের কথা তুলে ধরেন। তারা জানান, দেশে বর্তমানে ১ লাখ ৬৫ হাজার ৮৮টি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। এর অধিকাংশ এখন সক্রিয় নয়। কিন্তু সমবায় ব্যাংকের ঋণ থাকায় আইন অনুযায়ী এসব সমিতির কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। ফলে অধিদপ্তরকে সমস্যায় পড়তে হচ্ছে। এসব সমিতির ঋণ মওকুফ অথবা অন্য কোনো উপায় বের করার জন্য তারা প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। কর্মকর্তারা সমবায় অধিদপ্তরকে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহারের উদ্যোগ নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন। পাশাপাশি সমবায় কর্মকর্তাদের মর্যাদার উন্নয়ন, যানবাহনের ব্যবস্থা করা এবং সমবায়ের ভিত্তিতে কৃষিপণ্যের বিক্রির ব্যবস্থা করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। কর্মকর্তাদের বক্তব্য শোনার পর নানক বলেন, "সরকার 'একটি বাড়ি-একটি খামার' প্রকল্প বাস্তবায়ন হবে সমবায় অধিদপ্তর এবং বিআরডিবি'র মাধ্যমে। তাই সমবায় কর্মকর্তাদের আরো দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।" অধিদপ্তরের জনবল সঙ্কট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এ জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব জমা দিতেও নিবন্ধকের প্রতি নির্দেশ দেন তিনি। সম্মেলনের পর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। রাজধানীর গ্যাস সঙ্কটের বিষয়ে তিনি বলেন, "রাজধানীর গ্যাস সঙ্কট উত্তরাধিকার সূত্রে এ সরকার পেয়েছে। তবে সরকার নতুন ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে। যদিও কেউ কেউ এর বিরোধিতা করছে। এ ধরনের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" খালেদা জিয়ার আন্দোলনের হুমকির প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নানক বলেন, "প্রধানমন্ত্রী সফরে যাওয়ার আগেই যারা কাঁটা বিছিয়ে দিতে চায়, তারা কোন ধরনের মানসিকতা পোষণ করেন, তা সবাই বুঝতে পারছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০০ ঘ.