ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৮৬ সদস্যের নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সহসভাপতি ১৫ জন, সিনিয়র যুগ্ম-মহাসচিব ১ জন এবং ৭ জন যুগ্ম-মহাসচিব ও কর্মকর্তাসহ ১২১ জন। বাকীরা কমিটির নির্বাহী সদস্য।
নতুন কমিটিতে মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেনই বহাল আছেন।
শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিঙে এই কমিটি ঘোষণা করেন।
গত ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে দলের পুনঃনির্বাচিত চেয়ারপারসন খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন কাউন্সিলররা।
গত ডিসেম্বরে খালেদা জিয়া ১৯ সদস্যের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ ও রিজভী আহমেদ (দপ্তর সম্পাদক) কে নিয়োগ দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চেয়ারপারসন তার হাতে গঠনতন্ত্র অনুযায়ী ১০ ভাগ কোটাসহ নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদন করেন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ২৫২।
সহসভাপতিরা হচ্ছেন, টিএইচ খান, এম মোর্শেদ খান, শাহ মোয়োজ্জেম হোসেন, রাবেয়া চৌধুুরী, আলতাফ হোসেন চৌধুরী, হারুর আল রশীদ, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শমসের মবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ, আব্দুস সালাম পিন্টু।
সহসভাপতিদের মধ্যে রাবেয়া চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী ছাড়া বাকি ১২ জনই নতুন মুখ।
নতুন কমিটিতে স্থান পেয়েছেন কোষাধ্যক্ষ পদে আবদুল মান্নান ও প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
সাংগঠনিক সম্পাদকরা হলেন, ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, মসিউর রহমান, হারুনুর রশিদ, মজিবুর রহমান সারওয়ার, এম ইলিয়াস আলী । এদের মধ্যে মসিউর রহমান ছাড়া সবাই নতুন মুখ।
বিশেষ সম্পাদকের দায়িত্ব পেলেন নাদিম মোস্তফা।
আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৬ জন। তারা হলেন, গিয়াস কাদের চৌধুরী, আসাদুজ্জামান রিপন, লুৎফর রহমান খান আজাদ, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আ ন ম এহছানুল হক মিলন, জাকারিয়া তাহের সুমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪১ঘ.
bdnews24