২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধু হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি ৫ অক্টোবরই শুরু'

সংক্ষিপ্ত বিবৃতি পাঠানো নিয়ে আসামিপক্ষের আইনজীবীর আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী ৫ অক্টোবরই বঙ্গবন্ধু হত্যা মামলার ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংক্ষিপ্ত বিবৃতি পাঠানো নিয়ে আসামিপক্ষের আইনজীবীর আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী ৫ অক্টোবরই বঙ্গবন্ধু হত্যা মামলার ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়ায় আসামিপক্ষের আইনজীবী খান সাইফুর রহমান যে আবেদন করেছেন, তা সত্ত্বেও আগামী ৫ অক্টোবর আদালতে মামলাটির শুনানি শুরু হবে। আদালতেই পূর্ণাঙ্গ বিবরণী জমা দেওয়া হবে।" নির্ধারিত সময়ের মধ্যে সরকার মামলার সংক্ষিপ্ত বিবৃতি আপিল বিভাগে জমা দেয়নি অভিযোগ করে এ মামলার ডেথ রেফারেন্সের শুনানি থেকে সরকারপক্ষকে বিরত রাখতে গত মঙ্গলবার আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী খান সাইফুর রহমান। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধু হত্যা মামলার ডেথ রেফারেন্সের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বাদীপক্ষের আইনজীবী আনিসুল হক ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক স. ম. রেজাউল করিমের নেতৃত্বে একদল আইনজীবীও উপস্থিত ছিলেন। মন্ত্রীর সঙ্গে আইনজীবীরা দীর্ঘ সময় বৈঠক করেন। এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও সেখানে ছিলেন। তবে দুই মন্ত্রীই সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হন নি। অ্যার্টনি জেনারেল আরও জানান, আসামি মহিউদ্দিনের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দেওয়া হয়েছিল। সেখান থেকে সময় মতো তথ্য না পাওয়ায় সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, "বর্তমানে পুরো নথি সরকারের কাছে রয়েছে। আদালতে এ নথি জমা দেওয়া হবে।" আইনজীবী আনিসুল হক বলেন, "ঈদের ছুটির পর আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তবে এ সময় বঙ্গবন্ধু হত্যামামলার ডেথ রেফারেন্স নিয়েও আলোচনা হয়েছে। আশা করছি, আগামী ৫ অক্টোবরই মামলার শুনানি শুরু হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/২০৩২ ঘ.