২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নানা কর্মসূচিতে পালিত শেখ হাসিনার জন্মদিন

ঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার দলীয়ভাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৩-তম জন্মদিন পালিত হয়েছে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ও স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুর পরের এ জন্মদিনে শেখ হাসিনা ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় রয়েছেন। সেখানে পারিবারিকভাবে তার জন্মদিন পালনের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার দলীয়ভাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৩-তম জন্মদিন পালিত হয়েছে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ও স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুর পরের এ জন্মদিনে শেখ হাসিনা ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় রয়েছেন। সেখানে পারিবারিকভাবে তার জন্মদিন পালনের কথা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর তিনি ঢাকা ছাড়েন। এরপর থেকে নিউ ইর্য়কে থাকলেও জন্মদিনের আগে বাল্টিমোরে ছেলের বাসায় যান। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুিঙ্গপাড়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন নেছার ঘরে হাসিনার জন্ম। দিনটি উপলক্ষে সোমবার ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠন আলাদা কর্মসূচি পালন করে। বাদ আছর দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভানেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানায় খাবার বিতরণ করা হয়। যুবলীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও সৈয়দ মোদাচ্ছের আলী আলোচনায় অংশ নেন। পরে সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবক লীগও সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করে। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল করা হয়। দুপুরে তার দীর্ঘায়ু কামনা করে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আছর মিলাদ ও ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। গুলশান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসএইচ/২১১৬ ঘ.