লন্ডন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য কথা বলায় অনড় থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিল।
শনিবার রাতে লন্ডনে অবস্থানরত জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সত্য কথাটি সবসময় বলে যাবো।"
গত বুধবার যুক্তরাজ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়ে দলে তোলপাড় শুরু হয়।
এ জন্য বার্মিংহামে স্থানীয় যুবলীগ কর্মীদের হাতে লাঞ্ছিতও হতে হয় তাকে।
এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি। জলিল বলেন, "শরীরটা ভাল নেই, অসুস্থ বোধ করছি। কিডনির জটিলতার কারণে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এ জন্যে ওষুধ সেবন করছি।"
পরিবারের লোকজনও চাননা অসুস্থ অবস্থায় তিনি এখন কারও সঙ্গে কথা বলেন, এটাও জানান তিনি।
দলের সাবেক সাধারণ সম্পাদক জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
তার বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা- জানতে চাওয়া হলে রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "আগামী ৩ অক্টোবর দলের নতুন কার্যনির্বাহী সংসদের সভা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।"
জলিল বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কিছু ব্যবসায়িক কাজে তিনি লন্ডন অবস্থান করছেন।
গত জানুয়ারিতে সরকার গঠনের সময় জলিলসহ আওয়ামী লীগের আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে ঠাঁই দেননি হাসিনা।
পরে দলের নতুন কমিটিতেও উপেক্ষিত হন তারা। জলিল ছাড়াও আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ততে কার্যনির্বাহী সংসদে না রেখে ঠাঁই দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "দলের কার্যনির্বাহী সংসদে তাকেসহ অপর কয়েকজন নেতাকে না রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাদের প্রতি 'অন্যায়' করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এসএইচ/১৭১৫ ঘ.
bdnews24