খুলনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর বিএনপি'র সদস্য সংগ্রহ অভিযান শনিবার শুরু হয়েছে।
এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এম নূরুল ইসলাম দাদু ভাই।
দাদু ভাই বলেন, "সরকার জাতীয় সমস্যার কোন সমাধান না করে ক্ষমতাকে পাকাপোক্ত করার ষড়যন্ত্র করছে। সংবিধান সংশোধন করে খণ্ডিত বাঙালি জাতীয়তাবাদে ফিরে যেতে চায়।"
এছাড়া দেশীয় স্বার্থ বিরোধী টিপাই মুখ বাঁধ ও ট্রানজিটের ব্যাপারে সরকার প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম।
অভিযানের প্রথমদিন মোট ৩৭ জন সদস্য ফরম পূরণ করে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, মহানগরী বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহারুজ্জামান মোর্তজা, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, এস এম মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24