ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে 'দুরভিসন্ধিমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার বিকেলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কারচুপি করে আবার ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ ফন্দি-ফিকির শুরু করেছে।"
আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই আইন কমিশনকে চিঠি দিচ্ছে মন্ত্রণালয়।
এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে মতামতের জন্য কমিশনের পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
১৯৭২ সালে দেশের সংবিধান গৃহীত হওয়ার পর এ পর্যন্ত ১৪ বার সংশোধনী আনা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সংবিধান সংশোধনের বিষয়ে আইন কমিশনের কাছে পরামর্শ চাওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেন দেলোয়ার।
তিনি বলেন, "সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে তারা নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। এটা দেশের মানুষ কোনওভাবে মেনে নেবে না।
"কারণ, তারা (সরকার) বুঝতে পেরেছে, এবারের মতো ষড়যন্ত্র করে আগামীতে আর ক্ষমতায় যাওয়া যাবে না।"
তিনি আবারও জানান, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে।
এর আগে সকালে আরমানিটোলায় নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হলে সংসদে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের মতামতের পাশাপাশি জনমতও নিতে হবে।"
বিএনপি সংসদ অধিবেশনে ফিরে যাবে কি না জানতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "বিএনপি সংসদে যেতে চায়। তবে সংসদে যাওয়ার পরিবেশ এখনও সরকারি দল নিশ্চিত করেনি।
"তারা পরিবেশ সৃষ্টি করুক, তবেই আমরা সংসদে যাব। আমাদের নেত্রী সব সময় সরকারকে সহযোগিতার কথা বলে আসছেন। কিন্তু সরকার আমাদের সহযোগিতা প্রত্যাখ্যান করছে।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অবশ্য বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, সংবিধান সংশোধন করতে হলে সবার সঙ্গে ঐকমত্যের ভিত্তিতেই তা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৭৫০ ঘ.
bdnews24