ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস শনিবার মন্ত্রণালয়ে এক নিয়মিত ব্রিফিং-এ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন। এরপর ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা করবেন তিনি।"
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্রগামী প্রতিনিধি দলে তিনি নিজেও থাকছেন। এ সময় প্রধানমন্ত্রী সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং তার বক্তব্য উপস্থাপন করবেন। এতে তিনি বাংলাদেশের অনিষ্পন্ন বিষয়াদি আলোচনার জন্য উপস্থাপন করবেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংস্থার মহাসচিব বান কি মুন আয়োজিত একটি বৈঠকসহ বেশ কয়েকটি বৈঠকে যোগ দেবেন।
"এসব বৈঠকে এ ইস্যুতে ইতোমধ্যে দৃশ্যমান অবস্থান স্পষ্ট করবে বাংলাদেশ এবং ক্ষতিপূরণ আদায়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একমত করার উদ্যোগ নেবে।"
বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ চাইবে- জানতে চাইলে সচিব মিজারুল কায়েস বলেন, "ক্ষতির দিকগুলো বিবেচনায় রেখেই ক্ষতিপূরণ আদায়ে জোর দেবে বাংলাদেশ।
"তবে সব কিছুই নির্ভর করবে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশের অবস্থানের ওপর। কারণ, এটা নিশ্চিত যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কোনওটিই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়।"
"এজন্য উন্নত দেশগুলোই দায়ী এবং এর প্রভাব মোকাবেলায় কিছু করাও তাদের দায়িত্ব।"
সচিব আরও জানান, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে শান্তিরক্ষা মিশনে সক্রিয় দেশগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে যোগ দেবেন। এতে ২৫টি দেশের প্রতিনিধি অংশ নেবে।
বৈঠকে বাংলাদেশসহ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলো তাদের সমস্যার কথা তুলে ধরবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি বিভিন্ন প্রাক-বৈঠকে যোগ দিচ্ছেন।
২৯ সেপ্টেম্বরের পরও কিছু আনুষ্ঠানিকতার জন্য পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানান পররাষ্ট্র সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/ ১৯৩৮ ঘ.
bdnews24