চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে বুধবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে।
তাদের মধ্যে আওয়ামী লীগ কর্মী আজিজ, মোদাচ্ছের ও তৌহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং
বিএনপি কর্মী আবু নাসের, কালা মান্নান ও নাজিমকে রাঙামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ১০টার দিকে রাণীরহাট বাজারে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছে।"
তবে স্থানীয় এক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাঙ্গুনিয়া থানার একটি ডাকাতি মামলায় পুলিশ স্থানীয় আওয়ামী লীগের কর্মী আজিজের খোঁজে গেলে বিএনপি কর্মী নাসের তার ঠিকানা বলে দেয়। এ ঘটনার জের ধরে রাত ১০টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়।"
বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি লতিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/১৯১৯ ঘ.
bdnews24