ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মীর নাছিরকে বিদেশ যেতে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নিজামুল হকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়।
সাবেক বেসরকারী বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাছিরের আবেদনে বলা হয়, গত ৫ ফেব্র"য়ারি চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দরে অভিবাসন পুলিশ তাকে আটকে দেয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্র"য়ারি হাইকোর্ট তাকে দুই মাসের জন্য বিদেশ যেতে অনুমতি দেয়।
মীর নাছিরের আবেদনে আরও বলা হয়, হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি গত ২ মার্চ চিকিৎসার জন্য সৌদি আরব যান। ২৮ মার্চ দেশে ফিরে আসেন। গত ২৩ এপ্রিল তিনি হাইকোর্টে তার বিদেশের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দেন।
নাছিরের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ চৌধুরী শুনানিতে বলেন, চিকিৎসার জন্য মীর নাছিরের আবারও সৌদি আরব যাওয়া প্রয়োজন। তিনি আশঙ্কা করছেন বিমানবন্দরে তাকে আবারও বাধা দেওয়া হতে পারে। এজন্য তিনি এ আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এসকে/২১০৪ঘ.
bdnews24