২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"দেশের অভ্যন্তরে জলাধার নির্মাণে জাতিসংঘ কনভেনশনে নিষেধাজ্ঞা নেই"

কোনো দেশ নিজ দেশের অভ্যন্তরে জলাধার নির্মাণ করতে চাইলে জাতিসংঘের কনভেনশনে সে বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো দেশ নিজ দেশের অভ্যন্তরে জলাধার নির্মাণ করতে চাইলে জাতিসংঘের কনভেনশনে সে বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে উত্থাপিত লিখিত জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে থাকায় তিনি সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন না। ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন ফারুক পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, "ইহা সত্য যে, জাতিসংঘ কনভেশন অনুযায়ী ভারত টিপাইমুখে ড্যাম নির্মাণ করতে পারে না। উত্তর সত্য হলে, সরকার বিষয়টি জাতিসংঘে উত্থাপনের কোন পদক্ষেপ গ্রহণ করেছে কিনা ? না করলে, কারণ কি ?" এই প্রশ্নের লিখিত জবাবে দীপু মনি বলেন, "প্রশ্নকর্তা জাতিসংঘের কোন কনভেনশনের কথা উত্থাপন করেছেন তা স্পষ্ট করা প্রয়োজন। সাধারণভাবে জাতিসংঘের কনভেনশনগুলোতে কোন রাষ্ট্রের চাহিদা অনুযায়ী ওই রাষ্ট্রের অভ্যন্তরে ড্যাম নির্মাণে কোন নিষেধাজ্ঞা নেই। 'তবে ইউএন কনভেনশন অন ল অব দ্য নন নেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটার রিসোর্সেস' নামক একটি আন্তজার্তিক কনভেনশন রয়েছে। এই কনভেনশনের আলোচ্য বিষয়ের মধ্যে আন্তর্জাতিক পানি পথগুলো সংক্রান্ত বিষয়াবলী অন্তর্ভূক্ত রয়েছে। কনভেনশনটি এখনো কার্যকর হয়নি। এটি কার্যকর হওয়ার জন্য আরও ১৮ টি দেশকে রাষ্ট্রপক্ষ হতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এফএফ/এসএইচ/২০.৫৯ ঘ.