ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তনে সরকারের প্রস্তাবের কঠোর সমালোচনা করে এটাকে 'নতুন ফাঁদ' হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৩১-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর শেরে-বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের পর তিনি সাংবাদিকদের বলেন, "এই সময়সূচি পরিবর্তন সরকারের একটি নতুন ফাঁদ। এতে যানজটের কোনও সমাধান আসবে না।
"সরকারের কর্মকাণ্ডে জনগণ আজ অতিষ্ঠ। এভাবে চলতে থাকলে মানুষ ঘরে বসে থাকবে না।"
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভার পর সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ জানান, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা সময়সূচি মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী মাস থেকেই কার্যকর হবে।
তিনি জানিয়েছিলেন, নতুন সূচি অনুযায়ী সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক ও বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিসগুলো সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কাজ করবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সময়সূচিতেও দু'টি ভাগ করা হয়েছে। এক্ষেত্রে সব পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এসব প্রতিষ্ঠান চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত।
জনগণের দাবি নিয়ে আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা জিইয়ে রাখছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব।
দেলোয়ার বলেন, "সরকার মামলা দিয়ে বিএনপিকে চাপে রাখার চেষ্টা করছে। তারা চায়, আমরা যেন জনগণের দাবি নিয়ে আন্দোলন না করি।"
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট মামলার অভিযোগ গঠন করা হচ্ছে। এভাবে মামলা জিইয়ে রেখে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা করছে সরকার। যাতে আমরা জনগণের সমস্যা নিয়ে কথা না বলি।"
তিনি বলেন, "রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে সরকার বিএনপির সঙ্গে বৈষ্যমমূলক আচরণ করছে। একদিকে তারা নিজেদের সব মামলা প্রত্যাহার করে নিয়েছে, নিচ্ছে। অন্যদিকে আমাদের মামলাগুলো প্রত্যাহার না করে পরীক্ষার নামে নতুন করে সক্রিয় করা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, "সরকার গত আট মাসের শাসনামলে জনগণের কাছে দেওয়া কোনও অঙ্গীকারই বাস্তবায়ন করতে পারেনি। জনগণ আজ এই সরকারের প্রতি অসন্তুষ্ট। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। মানুষের আজ নাভিশ্বাস উঠেছে।"
এ অবস্থায়ও বিএনপি জনগণের পক্ষে নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করছে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/১৭৪১ ঘ.
bdnews24