২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের জন্য কৃষকদের এখন আন্দোলন করতে হচ্ছে না: মতিয়া

কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হচ্ছে এবং সারের পর্যাপ্ত মজুদ আছে দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখন সার নিয়ে কৃষকদের আর আন্দোলন করতে হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হচ্ছে এবং সারের পর্যাপ্ত মজুদ আছে দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখন সার নিয়ে কৃষকদের আর আন্দোলন করতে হচ্ছে না। শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, "আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সার নিয়ে কৃষকদের আর হাহাকার করতে হয় না। সারের পর্যাপ্ত মজুদ আছে এবং কৃষকদের কাছে তা পৌঁছে দেওয়া হচ্ছে। "অথচ জরুরি অবস্থার মধ্যে সার সংকট নিয়ে কৃষকদের সড়ক অবরোধ করতে হয়েছে। বর্তমানে সার সহজলভ্য হওয়ায় তাদেরকে আর আন্দোলনে নামতে হচ্ছে না।" সমাবেশে সাংসদ ফজলে হোসেন বাদশা, জিনাতুন নেসা তালুকদার, শাহরিয়ার আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিরোধী দলের সংসদে যোগ না দেওয়া প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, "সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে রায় দিয়ে যাদের সংসদে পাঠিয়েছে তাদের সংসদের বাইরে থাকার কোনও অধিকার নেই।" সংসদের অধিবেশন কক্ষের সামনের সারিতে বিরোধী দলের যে কটা আসন পাওয়া উচিত তার চেয়ে তাদেরকে বেশি আসন দেওয়া হলেও তারা বিভিন্ন অজুহাতে সংসদ বর্জন করছে বলে অভিযোগ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, "আমরা স্পিকারের মাধ্যমে তাদের সংসদে যোগ দেওয়ার আহবান জানিয়েই যাব।" দ্রব্যমূল্য বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, "এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীর কারণে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। তবে গত রমজানের চেয়ে এবার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে।" আলোচনার মাধ্যমেই টিপাইমুখ প্রকল্পের বিষয়টি সুরাহা করা হবে বলে জানান তিনি। মতিয়া বলেন, "হরতাল, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতিতে এ দেশের মানুষ আর সমর্থন দেবে না। ভিশন-২০২১ এর ভিত্তি রচনা করেই আমরা যেতে চাই।" মন্ত্রী দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার কৃষি ও কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক সাইদ আলী, বরেন্দ্র বহুরুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডু, সাংসদ ফজলে হোসেন বাদশা, জিনাতুন নেসা তালুকদার, শাহরিয়ার আলম ও জেলা প্রশাসক শেফাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৩৫ ঘ.