ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার করে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের দেশে ফেরার পথে সব বাধা অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার তারেকের জামিনে মুক্তি দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়া পল্টনে এক মৌন শোভাযাত্রার উদ্বোধন করে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান।
বিএনপির শোভাযাত্রার কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিল ও গুলিস্তানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন তারেক সেখানে যাওয়ার আগে দলীয় দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তারেকের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন বলেছিলেন, সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারেক রাজনীতি থেকে দূরে থাকবেন। তবে বিএনপি নেতাকর্মীরা তাকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবেই এখনও দেখে আসছেন।
দেলোয়ার বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে স্থায়ী মুক্তি দিতে হবে। একই সঙ্গে খালেদা জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে মামলাগুলোও প্রত্যাহার করে নিতে হবে।"
দেলোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "তারেক রহমানকে যারা কারাগারে নির্যাতন করেছে, তাদের ক্ষমা করা হবে না।"
২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তার বিরুদ্ধে ১২টি মামলা হয়। সব মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে গত বছরের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ১১ সেপ্টেম্বর লন্ডন যান তিনি।
বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও তারেকের বাবা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা তারেকের কারামুক্তি দিবস পালন করে।
সকাল সাড়ে ১১টায় খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দেন।
ওই সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, এম শামসুল ইসলাম, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সাংসদ জয়নাল আবেদিন ফারুক প্রমুখ।
দুুপুর একটার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল বর্ণাঢ্য মৌন শোভাযাত্রা বের করে। এতে যুবদল, মহানগর বিএনপি, মহিলা দলসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।
কর্মীরা তারেকের নামে শ্লোগান ও তার ছবি সম্বলিত প
bdnews24