২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজকে ২টার মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ

সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার দুপুর ২টায় তাকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার দুপুর ২টায় তাকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। জামিন পাওয়ার পরও মুক্তি না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে শাহজাহান সিরাজের করা আবেদনে বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ও বিচারপতি এস এম ইমদাদুল হকের বেঞ্চ দুপুর ১টায় এ আদেশ দেন। আদেশের পর সিরাজের কৌঁসুলি ব্যারিস্টার সারোয়াত সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে (শাহজাহান) এক ঘণ্টার মধ্যে মুক্তি দিতে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, উপ কারা মহাপরিদর্শক, জেলার, জেল সুপার ও ভারপ্রাপ্ত জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ২টায় তাকে এ বেঞ্চে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।" সারোয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের মেয়ে। শাহজাহানের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "গত ১৮ আগস্ট দুটি মামলায় তাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের জামিন আদেশের পর তিনি জামিননামাও দাখিল করেন। তার কারামুক্তির আদেশও দেওয়া হয়। কিন্তু তারপরও তাকে মুক্তি দেওয়া হয়নি।" সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক বলেন, "এ মামলা দুটিতে শাহজাহান সিরাজ ইতোপূর্বে (১৮ আগস্টের পূর্বে) জামিন নিয়েছিলেন। ওই জামিনের আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছিল। তারপরও শাহজাহন সিরাজ আবার নতুন করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।" এ সময় আদালত বলে, "নতুন করে জামিন নিতে বাধা কোথায়?" অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর আদালত অবমামনার আবেদনের শুনানির জন্য সময় আদেবদন করলে আদালত এক ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিয়ে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়। তা করা না হলে বিবাদীর প্রতি আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও জানানো হয়। দুটি মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান সিরাজ গত ৩০ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপন করার মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল শাহজাহান সিরাজের ১৩ বছর সাজা হয়। এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৩৩৮ ঘ.