চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় জামায়াতে ইসলামীর নেতা সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারক অভিযোগ গঠন শেষে আগামী ৩ অক্টোবর এ মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন।"
তিনি আরও জানান, চাদাঁবাজির এ মামলার ৪২ জন আসামির মধ্যে ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ গঠনের সময় শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এ মামলায় তিনিসহ মোট ১৬ আসামি জামিনে আছেন। অন্যরা পলাতক।
২০০৭ সালের ১৪ মে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জার খিল গ্রামের জামাল উদ্দিন নামে এক ব্যক্তি শাহজাহান চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করে এ মামলা দায়ের করেন।
এতে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর ডা. নুরুল হক, জামায়াত নেতা শামসুল আলমসহ ৪২ জনকে আসামি করা হয়। তারা সবাই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/এইচএ/২২১০ ঘ.
bdnews24