মেহেরপুর, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিল পাস হলে জানুয়ারির মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
শনিবার মেহেরপুরের বিভিন্ন উপজেলায় কম্পিউটার সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত জানান, মেহেরপুরে শিগগিরই জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। প্রতিবছর তালিকা হালনাগাদ করা হবে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সভায় নির্বাচন কমিশনার বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠ ও অর্থবহ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) আইনের অনেক দিক পরিবর্তনের প্রয়োজন।"
সভায় মেহেরপুর জেলা প্রশাসক আমজাদ হোসেন খাঁন, পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনেন্দ্র নাথ সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেরপুর সফর শেষে সার্ভার স্টেশন স্থাপনের সম্ভাব্য স্থান দেখতে নির্বাচন কমিশনারের চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার বিকেলে নড়াইল যান।
সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "নির্বাচন কমিশনকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হচ্ছে। সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তার অংশ হিসাবে সারাদেশে ৫০২ টি কম্পিউটার সার্ভার ষ্টেশন স্থাপন করা হচ্ছে।"
জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার রকিবুল বারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা নাসরীন, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
মতবিনিময় শেষে নড়াইল জেলা ও সদর উপজেলার সার্ভার স্টেশনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24