২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন হত্যা মামলায় হাসিনাসহ ৪৬ জনের অব্যাহতি

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে ছয় শিবির কর্মী হত্যা মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আরো কয়েকজন শীর্ষ নেতাসহ ৪৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। একইসঙ্গে মামলাটি প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে ছয় শিবির কর্মী হত্যা মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আরো কয়েকজন শীর্ষ নেতাসহ ৪৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। একইসঙ্গে মামলাটি প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম দিলারা আলো চন্দনা এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া উর্ধ্বতন আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন আব্দুল জলিল, তোফায়েল আহমেদ ও সাহারা খাতুন। অন্য আসামীরাও ক্ষমতাসীন দলের নেতাকর্মী। বিগত চারদলীয় জোট সরকারের ক্ষমতা ছাড়ার শেষ দিনে রাজধানীর পল্টনে এক সহিংস ঘটনায় ছয় শিবির কর্মী নিহত হন। নিহত শিবির কর্মীরা হচ্ছেন- মুজাহিদুল ইসলাম, জসিম উদ্দীন, গোলাম কিবরিয়া শিপন, ফয়সাল, হাবিবুর রহমান ও মনির হোসেন। পরদিন জামায়াত ইসলামীর মতিঝিল থানা শাখার আমির এটিএম সিরাজুল হক বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন। গত ৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, জনস্বার্থে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বিষয়টি নিয়ে ঢাকার জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর গত ১২ আগস্ট ঢাকার মহানগর আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) আব্দুল্লাহ আবু মামলাটি প্রত্যাহারের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দরখাস্ত জমা দেন। শুনানি শেষে সোমবার হাকিম শেখ হাসিনাসহ ৪৬ জনকে অব্যাহতি দিয়ে মামলা প্রত্যাহারের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এজে/এসএইচ/১৮০৭ ঘ.