ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওয়ার মানসিকতা পরিহার করে মানুষকে দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন "কী পেলাম, কী পেলাম না তা বিবেচনা না করে জাতিকে কী দিলাম, মানুষের জন্য কতটুকু করলাম তা বিবেচনা করে কাজ করতে হবে।"
আওয়ামী লীগ সভানেত্রী ১৫ আগস্ট নিহতদের স্মরণ করে বলেন, "আসুন শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করি। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি প্রকৃত প্রতিশোধ ও জবাব দেওয়া হবে।"
তিনি বলেন, "আজ জাতি চায় বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর দেখতে। এ কলঙ্ক থেকে জাতি মুক্ত হতে চায়। আজ খুনিদের বিচারের সময় এসেছে, সময় এসেছে এ কলঙ্ক ও দায় থেকে মুক্তির।"
মহাজোটের সরকার গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমাদের উপর অনেক দায়িত্ব, একদিকে দুর্নীতিবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরদিকে মানুষকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে হবে।
"আমার বাবা এদেশের মানুষকে ভালবেসে জীবন দিয়ে গেছেন। আমি আমার বাবার মতোই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছি। প্রয়োজনে বাবার মতো জীবন দেবো।"
অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে। আগামী ১৬ ডিসেম্বরের আগেই এ মামলার চূড়ান্ত রায় পাবো বলে আমরা আশা করছি।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচটি ইমাম, অধ্যাপক একে আজাদ চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, লতীফ সিদ্দীকী, ইউসুফ হোসেন হুমায়ন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন।
বক্তারা ১৫ আগস্ট নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর উস্কানিমূলক বক্তব্যের কারণে তার বিরুদ্ধে আগামীকালই মামলা দায়ের করা হোক। অন্য বক্তারা একই দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএনএস/এইচএ/২১৩০ ঘ.
bdnews24