ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকুর দায়ের করা মানহানির মামলায় সাবেক সেনা প্রধান মইন উ আহমেদের জবাব দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম রোববার এ দিন ধার্য করেন।
মইন উ আহমেদের আইনজীবী হুমায়ন কবির ভুঁইয়া লিখিত আপত্তি ও জবাব দাখিলের জন্য তিন মাস সময় চাইলেও আদালত প্রায় এক মাসের মতো সময় দিল।
এদিকে বাদি পক্ষের আইজনীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ ও সানাউল্লাহ মিয়া এ মামলার রায়ের আগেই মইন এর বারিধারা ডিওএইচএস'র ১০৬, নর্দান রোডের ৬ তলা বাড়িটি ক্রোক করার নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। তবে আদালত ক্রোকের আদেশ দেয়নি।
এর আগে গত ৫ আগস্ট এ মামলায় আপত্তি দাখিলের জন্য তিন মাস সময় চান মইনের আইনজীবীরা।
গত ১২ জুলাই ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা হয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান ২০০৮ সালের পত্র-পত্রিকায় প্রকাশিত মইন উ আহমেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে বলে মইন উ আহমেদ বলেছিলেন।
২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে (তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন) মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তৎকালীন সেনাপ্রধান মইন ওই বক্তব্য দেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
মইন উ আহমেদের ওই বক্তব্য মিথ্যা দাবি করে ইকবাল হাসান মামলায় বলেন, এতে তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন।
মইন উ আহমেদ গত ৭ জুলাই সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান। তার বিদেশে অবস্থানের মধ্যেই এ মামলা হয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সেনাবাহিনী তথা মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেওয়ার কথা মইন নিজেও স্বীকার করেছেন। ওই সময়কালে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে।
গত ১৫ জুন অবসরে যান মইন উ আহমেদ। ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি। তত্ত্বাবধায়ক সরকার তার দায়িত্বের মেয়াদ এক বছর বাড়ায়।
জরুরি অবস্থার মধ্যে অন্য অনেক রাজনীতিবিদের মতো ইকবাল হাসানকেও গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়। কারাগারে যেতে হয় স্ত্রী রুমানা মাহমুদ (বর্তমানে সাংসদ) এবং তাদের দুই সন্তানকেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৩১০ ঘ.
bdnews24