চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন নিয়ে চট্টগ্রামের চেরাগী পাহাড় ও টেরী বাজার এলাকায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে নগরীর 'সংবাদপত্র পাড়া' হিসেবে খ্যাত চেরাগী পাহাড় মোড়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এসময় ইকবাল, বাবুল ও ইলিয়াস নামে তিন কর্মী আহত হন।
পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে চেরাগী পাহাড় মোড়ে মহানগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাজির উদ্দিন সমর্থিত জামাল খান ওয়ার্ড ছাত্রলীগের কর্মীরা শোক দিবসের কর্মসূচি পালন করছিল। এক পর্যায়ে মাইক বন্ধ করা নিয়ে একই নেতার অনুসারী শরিফ কলোনি এলাকার ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় ১৫ থেকে ২০ মিনিট ধরে উভয়পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
বেলা সাড়ে তিনটার দিকে আবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইলিয়াস নামে আরেকজন আহত হন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাইক বাজানোর ঘটনা নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের কর্মীদের মধ্যে দুইদফা সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।"
এদিকে, নগরীর টেরী বাজার এলাকায় পুরোদিন দোকান বন্ধ না রাখায় বিক্ষোভ করেছে দোকান কর্মচারীরা। শোক দিবস উপলক্ষে টেরী বাজার ব্যবসায়ী সমিতি দুপুর ২ টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কর্মচারীরা দুপুরে বিক্ষোভ করে।
এছাড়া আ জ ম নাছির সমর্থিত ছাত্রলীগ কর্মীরা নগরীর আন্দরকিল্লা এলাকায় ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কোতোয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/১৯৩৩ঘ.
bdnews24