ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জন্মদিন পালন করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উকিল নোটিস পাঠানোকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবাওে হত্যা করা হয়।
একই দিন জন্মদিন পালন করছেন খালেদা জিয়া, যা নিয়ে বিতর্ক রয়েছে।
জয়নুল আবদিন শনিবার এক অনুষ্ঠানে বলেন, "১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন। যারা মনে করেন ওই দিনটি কেবল একজনের, তারা ক্ষমতা ও সংসদের একক সংখ্যাগরিষ্ঠতার জোরে উকিল নোটিস পাঠিয়েছেন। আমরা ওই নোটিস প্রত্যাখ্যান করছি।"
খালেদা জিয়ার ৬৫তম জন্মদিন উপলক্ষে কাকরাইলে জিসাস সঙ্গীত একাডেমিতে সাংস্কৃতিক সংগঠন (জিসাস) একটি কেক কাটেন। এতে বক্তব্য রাখেন জয়নুল।
১৯৪৫ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া দিনাজপুরে জন্ম গ্রহণ করেন বলে দাবি করা হয়।
'বিভ্রান্তিকর জন্মদিন পালন করা হচ্ছে' উল্লেখ করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহজাদা মহিউদ্দিনের পক্ষে শুক্রবার অ্যাডভোকেট কে এম এ নজিবউল্লাহ খালেদাকে একটি উকিল নোটিস পাঠান।
নোটিসে ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে খালেদাকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতার জোরে যা ইচ্ছা তাই করছে। নিরাপত্তার জন্য নিজেরাই আজীবনের নিরাপত্তা আইন করছেন। তারা মনে করে, ১৫ আগস্ট কেউ জন্ম নিতে পারবে না, কেউ জন্ম গ্রহণও করেনি।"
বিএনপি নেতা জয়নুল দলীয় প্রধান খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘজীবন কামনা করেন।
অনুষ্ঠানে সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নীলুফার চৌধুরী মনি বক্তব্য রাখেন।
এদিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা শনিবার বিকালে দলের গুলশানের কার্যালয়ে যাবেন বলে দলের সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুব দল খালেদার জন্মদিন উপলক্ষে কেক কেটে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে। শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24