ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে গঠনতন্ত্র জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
গণপ্রতিনিধিত্ব আদেশে আরও কিছু সংশোধনী আনা হবে জানিয়ে তিনি বলেছেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা করা হবে।
নিবন্ধিত দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অধিকাংশ দল জমা দিলেও প্রধান বিরোধী দল বিএনপিসহ ছয়টি দল তা জমা দেয়নি।
সিইসির বক্তব্য অনুযায়ী, নিবন্ধন টিকিয়ে রাখতে হলে বিএনপিকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে গঠনতন্ত্র জমা দিতে হবে। দলটি অবশ্য আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করে গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদনের ঘোষণা দিয়েছে।
বিএনপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশে গঠনতন্ত্র জমার সময় ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়াতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি এখন অধ্যাদেশ জারির অপেক্ষায়।
সিইসি দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান ইসির এটি প্রথম সাক্ষাৎ।
সিইসি সাংবাদিকদের জানান, ইসির চলমান কার্যক্রম ও গৃহীত কাজের অগ্রগতি রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।
শামসুল হুদা বলেন, "আবারও যদি রাজনৈতিক দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে না পারে, তবে নিবন্ধন বাতিল হবে। সংশোধিত অধ্যাদেশে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।"
নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাকের পার্টি, ফ্রিডম পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা বাড়াতে ইসির কাছে আবেদন করে।
তবে আগের নির্ধারিত সময় ২৫ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগসহ ২৯টি দলের স্থায়ী গঠনতন্ত্র গ্রহণ করে ইসি। বাকি চারটি দল গণফ্রন্ট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নির্বাচনের আগে জমা দেওয়া তাদের অস্থায়ী গঠনতন্ত্রকেই স্থায়ী হিসাবে গ্রহণের আবেদন করে। যা পরীক্ষা করছে ইসি।
নবম সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানিয়ে সিইসি বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু অসঙ্গতি বাদ দিতে এবং নতুন কিছু অন্তর্ভুক্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা বসব।"
সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমানোর বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুল হুদা বলেন, "বিষয়টি রাজনৈতিক এবং তা সরকারই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে ইসির পরামর্শ চাইলে তখন মতামত দেব।"
"তিন বছর পর পর সংসদ নির্বাচনে আড়াই-তিনশ' কোটি টাকা ব্যয় করা গরিব দেশের জন্য কতটুকু যৌক্তিক তাও দেখার বিষয়", বলেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ সফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এহতেশাম উল হক ও রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24