২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈন্য প্রত্যাহার হলেও সেনা কর্তৃত্ব রয়ে যাচ্ছে: সন্তু লারমা

এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের ঘোষণা এলেও পার্বত্য চট্টগ্রামে সেনা কর্তৃত্বের অবসান ঘটেছে না বলে দাবি করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 08:00 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের ঘোষণা এলেও পার্বত্য চট্টগ্রামে সেনা কর্তৃত্বের অবসান ঘটেছে না বলে দাবি করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিও জানিয়েছেন তিনি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, "সেনা প্রত্যাহারের কথাটা যেভাবে বলা হচ্ছে, তা আদৌ সঠিক নয়। কিছু অস্থায়ী ক্যাম্প সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এতে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। পার্বত্য জেলায় অপারেশন উত্তরণের নামে সেনা কর্তৃত্ব বলবৎ আছেই।" সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৯ জুলাই ওই অঞ্চল থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করার ঘোষণা দেয়। একই সময়ে সেখানে স্থাপিত নিরাপত্তা বাহিনীর ৩৫টি ক্যাম্পও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সেপ্টেম্বরের মধ্যে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার শেষ করার কথা। পার্বত্য চট্টগ্রামে পাঁচ ব্রিগেড সৈন্য রয়েছে বলে সন্তু লারমা জানান। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্তু লারমা আদিবাসী ফোরামেরও সভাপতি। সম্মেলনে আদিবাসী দিবস উপলক্ষে চারদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ আগস্ট সকালে রাজধানীর শাহবাগ থেকে মানববন্ধন, ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠান, ৯ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ১০ আগস্ট ধানমন্ডির ডাব্লিওভিএ মিলনায়তনে একটি প্রকাশনা অনুষ্ঠান। লিখিত বক্তব্যে আদিবাসী ফোরামের ১৩ দফা দাবি তুলে ধরেন সন্তু লারমা। এসব দাবির মধ্যে আছে, সংবিধান সংশোধন করে ৪৫টি আদিবাসীর জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতিসহ সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, আদিবাসীদের মাতৃভাষা ও সংস্কৃতির অধিকার প্রদান, ৯ আগস্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালন ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৭ ঘ.