২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগের প্রতিবাদ জানালেন মইনুলপুত্র আরশাদ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে আরশাদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে আরশাদ হোসেন। আরশাদ 'মান্ত্রা' নামের একটি ফ্যাশন হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মুসাফির প্রপার্টিজ লি. এর ব্যবস্থা পরিচালক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান। সংসদীয় উপ-কমিটির আহ্বায়ক নসরুল হামিদ বিপু সোমবার এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন ব্যারিস্টার মইনুল উপদেষ্টার দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তার ছেলে ও স্ত্রীকে সুবিধা পাইয়ে দেওয়াসহ অনেক অনিয়ম করেছেন। মইনুলের ছেলে আরশাদ গুলশানে অবৈধভাবে বাড়ি দখল করে রাজউকের অনুমতি ছাড়াই তাতে বাণিজ্যিক ভবন- মান্ত্রা ও স্টেক হাউজ করেছেন এমন অভিযোগ তুলেছে কমিটি। রাজউকের দিকনির্দেশনা লঙ্ঘন করে কাকরাইলে মুসাফির টাওয়ার নির্মাণ করা হয়েছে বলেও ওই ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। এসব বক্তব্যের জবাবে আরশাদ বলেছেন, ২০০৩ সালে মান্ত্রার ব্যবসা শুরু থেকে তিনি বাড়ির মালিককে নিয়মিত ভাড়া দিয়ে আসছেন। তবে গত জুন মাসে বাড়িভাড়া চুক্তিপত্র নবায়নের সময় বিতর্ক দেখা দেয়। আরশাদের দাবি, কমিটি ভাড়িভাড়া সংক্রান্ত চুক্তির বিষয়টি এড়িয়ে গেছে। এছাড়া অভিযোগের সত্যতা যাচাই না করে তার বিরুদ্ধে অভিযোগ সরাসরি মিডিয়াকে দেওয়ার পেছনে তার 'বাবার ওপর ক্ষুব্ধ মহলের' ইন্ধন থাকা অস্বাভাবিক নয়। মুসাফির টাওয়ারের বিষয়ে তার বক্তব্য, "নির্মাণ হওয়ার পাঁচ বছর পর এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে তোলা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩১৯ঘ.