ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়েছে। মঙ্গলবার এ আবেদনের ওপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
২ আগস্ট কোকোর পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাডভোকেট তৌফিক হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেছিলেন।
রিট আবেদনে মামলাটি অবৈধ ও বাতিল ঘোষণার আবেদন করা হয়।
আবেদনটির ওপর কোকোর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। মঙ্গলবার সরকার পক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে দুদক।
মামলার এজাহারে তার বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ দশমিক ১৫ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩২ হাজার ৬৭২ দশমিক ৮১ মার্কিন ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশী কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিল।
এ আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
গ্যাটকোসহ কয়েকটি দুর্নীতির মামলার আসামি কোকো চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে সপরিবারে দেশের বাইরে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯১৫ঘ.
bdnews24