২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে বছরের শেষ নাগাদ কাউন্সিল: খালেদা

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব তৈরির কাজ শেষ করে এ বছরের শেষ নাগাদ বিএনপির জাতীয় কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব তৈরির কাজ শেষ করে এ বছরের শেষ নাগাদ বিএনপির জাতীয় কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা জিয়া শনিবার তার সঙ্গে সাক্ষাত করা ঠাকুরগাঁও আইনজীবী সমিতি ও জেলা আইনজীবী ফোরামের নেতাদের একটি প্রতিনিধিদলের উদ্দেশে দেওয়া বক্তব্যে একথা জানান। খালেদা জিয়া বলেন,'' বিএনপি তৃণমূল পর্যায় থেকে সংগঠনের নেতৃত্ব গড়ে তোলার কাজ করছে। আমরা তড়িঘড়ি বা যেনতেনভাবে নয়, সফলভাবে কাউন্সিল করব। দলের গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ করে এ বছরের শেষ নাগাদ জাতীয় কাউন্সিল করা হবে।" বিএনপি চেয়ারপার্সন আরো বলেন, তাদের দল যে একটি গণতান্ত্রিক দল, দলের তৃণমূলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রমাণ করা হবে। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের নেতৃত্বে ২০ সদস্যের এই প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বিএনপি চেয়ারপার্সন দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল, বিএনপিকে বিভক্ত করার কথিত 'অপতৎপরতা', নির্বাচন কমিশনের 'পক্ষপাতমূলক' আচরণ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার কর্মকাণ্ড ও ব্যর্থতা ইত্যাদি বিষয়ে কথা বলেন। সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, "তারা দেশের স্বার্থ রক্ষা করছে না। বিদেশীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে।" 'বিদেশীদের কাছে দেওয়া' ওয়াদা রক্ষা করার কার্যক্রম বন্ধ না করা হলে বিএনপি জনগণকে সঙ্গে রাজপথে আন্দোলন করবে বলে সাবধান করে দেন তিনি। সরকারের মন্ত্রীরা সবসময়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো চিঠিতে আপীল বিভাগে বিচারাধীন মামলার যে পরিসংখ্যান দিয়েছেন তা মিথ্যা বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ডিম,কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার চরম ব্যর্থ বলেও মন্তব্য করেন খালেদা। দেশের স্বার্থ রক্ষায় তিনি অতীতের মতো আবার জনগণের পাশে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট সৈয়দ আলম প্রমুখ নেতা বক্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৩৯ঘ.