ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব জাতীয় ইস্যুতে একমত হয়ে কাজ করার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ও জনকল্যাণ নিশ্চিত করতে আওয়ামী লীগ আগামী দিনগুলোতে আরো এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের প্রাক্কালে দলের সভানেত্রী শেখ হাসিনাকে লেখা এক শুভেচ্ছাবার্তায় এ আশা প্রকাশ করেন তিনি।
খালেদা বলেন, ''আমি আশা করি, বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য সত্ত্বেও সব জাতীয় ইস্যুতে একমত হয়ে কাজ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ও জনকল্যাণ নিশ্চিত করতে আপনার দল আগামী দিনগুলোতে আরও এগিয়ে আসবে।''
বার্তায় বিএনপি চেয়ারপার্সন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সার্বিক সাফল্য কামনা করেন। সেইসঙ্গে তাকে কাউন্সিলে আমন্ত্রণ জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
শুক্রবার সকালে খালেদা জিয়ার এই বার্তাটি নিয়ে তার তিন সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তারা দলীয় প্রধানের বার্তাটি আওয়ামী লীগ নেতাদের কাছে হস্তান্তর করেন।
বিএনপি নেতা ফজলুল হক মিলন, শিরিন সুলতানা ও শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি হিসেবে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের এ বার্তাটি পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় একটি প্রতিনিধিদল গিয়েছিলো। কিন্তু তা হন্তান্তর করা যায়নি।
শুক্রবার আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতার এ বার্তাটি পাওয়ার কথা জানান। তিনি এ জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।
খালেদা জিয়া তার বার্তায় আরো বলেন, ''আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। এ জাতির উত্থান-পতন ও নানা ক্রান্তিলগ্নে আমাদের এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।"
তিনি শেখ হাসিনাকে 'প্রিয় সভানেত্রী' সম্বোধন করে তার সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।
খালেদা জিয়া তার পত্রে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলেরপূণর্গঠন প্রক্রিয়া সম্পন্নের কথাটিও উল্লেখ করেন।
'সংগ্রাম ও সাফল্যের ৬০ বছর' স্লোগান আর ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে শুক্রবার জাতীয় কাউন্সিল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে কাউন্সিলের আমন্ত্রণপত্র দিয়ে আসে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
দেশের দুই প্রধান রাজনৈতিক দলের অন্যতম আওয়ামী লীগ কাউন্সিল করলেও অপর দল বিএনপি এখনও কাউন্সিলের ঘোষণা দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/এইচএ/১৭৫০ ঘ.
bdnews24