মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের কাউন্সিলে যোগ দিয়েছেন আওয়ামী লীগের পদত্যাগী সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
তিনি শুক্রবার বেলা ১১টার দিকে দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন। এর পর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উঠেন তিনি।
ওই সময় একটি চেয়ার এনে দেওয়া হলে তাতে বসেন জলিল। এক পর্যায়ে তাকে চেয়ার ছেড়ে উঠে গিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলতেও দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট পড়তে শুরু করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ওই সময়ও জলিল মঞ্চে বসে ছিলেন।
কাউন্সিল অধিবেশনে যথাযথভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকে গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন জলিল। একদিন পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তা গৃহীত হয়।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়ার পর জলিল একটি চিঠিতে শেখ হাসিনার সমালোচনা করা হয়। তবে মুক্তির পর তিনি ওই চিঠির বক্তব্য অস্বীকার করেন।
শুক্রবার কাউন্সিলের উদ্বোধনী ভাষণে শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক নেতা-কর্মী প্রলোভন উপেক্ষা করতে পারেনি। নানা ধরনের নির্যাতন মোকাবেলার দৃঢ়তাও সবার ছিল না।
পদত্যাগের কারণ দেখিয়ে জলিল বলেছিলেন, গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সম্পাদক কাউন্সিল অধিবেশন আহ্বান করেন। দাওয়াত পত্র তার নামেই হওয়া বাঞ্ছনীয়। সাধারণ সম্পাদক কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন। সে সুযোগও আমার নেই। তাই সরে দাঁড়ানো ছাড়া আমার কাছে বিকল্প কিছু ছিল না।
তবে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করে যাওয়ার ঘোষণা দেন জলিল।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক রাজনীতিকের মতো জলিলও গ্রেপ্তার হয়েছিলেন।
কারাবন্দি জলিল দেশে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন। পাশাপাশি ওই চিঠিতে দলে গণতন্ত্রের চর্চা নেই অভিযোগ করে এর জন্য সভানেত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়।
আব্দুল জলিলের স্বাক্ষর সম্বলিত ওই চিঠি তার স্ত্রী রেহানা জলিল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন।
চিঠিতে বলা হয়, "আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এটি এখন একনায়ককেন্দ্রিক দলে পরিণত হয়েছে। দলের সবাই মিলে সভানেত্রীকে তোষণ করে তাকে সর্বময় কর্তৃত্ব দেওয়ার ফলে তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনও পরিবেশ বা সুযোগ ছিলো না। তার একক নেতৃত্বে দল চলার ফলে আজ এই অবস্থা ও বিপর্যয় হয়েছে।"
তবে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালে জলিল দাবি করেন, বাধ্য হয়ে তিনি ওই চিঠি লিখেছিলেন।
ওই চিঠির সূত্র ধরেই জলিলকে প্রথমে সাধারণ সম্পাদকের দায়িত্বে না ফিরিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে বলে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা।
পরে সাধারণ সম্পাদক পদে জলিল থাকলেও আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে আশরাফই দায়িত্ব পালন করে যেতে থাকেন।
আব্দুল জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯ তম কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি বর্তমানে সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০৯ ঘ.
bdnews24