২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল পর্যায়ে কমিটির পর ডিসেম্বরেই কাউন্সিলের প্রস্তুতি বিএনপির: মওদুদ

তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের কাজ শেষ করে প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরেই কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের কাজ শেষ করে প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরেই কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেইসঙ্গে তিনি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের সাফল্য কামনা করেন। বিএনপির কাউন্সিল ও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সম্পর্কে মওদুদ বলেন, "ডিসেম্বরেই আমরা কাউন্সিল করব। এখন নতুন করে ইউনিয়ন, পৌরসভা, থানা ও জেলা কমিটিগুলোর নির্বাচন অনুষ্ঠানের পর্যায়ক্রমিক কাজ চলছে। "বিএনপির নিবন্ধন আছে। সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে দলের কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করেছি। তারা এখন কী করবে তা তাদের বিষয়।'' এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচন কমিশন সময় না বাড়ালে দলের নিবন্ধন বাতিল হয়ে গেলেও বিএনপির কোনো ক্ষতি হবেনা। কারণ, বিএনপিকে জনগণের কাছ থেকে কেউ বাতিল করতে পারবে না। শুক্রবার অনুষ্ঠেয় ক্ষমতাসীন দলের জাতীয় কাউন্সিলের সাফল্য কামনা করে মওদুদ বলেন, "আশা করব তারা রাজনীতিতে সহনশীল হবে। অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হয়ে বিরোধী দলকে আস্থায় নিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষায় তারা জনগণের পক্ষে থাকবেন-এটাই আমরা কামনা করি।'' এর আগে যুব জাগপা আয়োজিত 'টিপাইমুখ থেকে করিডোর : বিপন্ন স্বদেশ-দেশপ্রেমিকদের করণীয়' শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মওদুদ। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সব শ্রেণী-পেশার মানুষকে একত্রিত করে ঢাকায় একটি জাতীয় পর্যায়ের কনভেনশন আয়োজনের প্রস্তাব দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, টিপাইমুখ বাঁধ, করিডোর দিয়ে বাংলাদেশকে দুর্বল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র আগে থেকেই চলছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে প্রয়োজনে লং মার্চ থেকে শুরু করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন মোড়লের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, বিডিআর-এর সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মোবিন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৫০ ঘ.