সাভার, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের যুব ও হকার্স লীগ নেতা আতাউর রহমান আতা (৩০) বুধবার রাতে দুর্বৃত্তের আক্রমণে মারাত্মক আহত হয়েছেন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে হকার্স লীগের স্থানীয় নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার থানার উপ-পরিদর্শক কবীর হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার মাশরুম সেন্টার এলাকায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় হকার্স লীগ নেতা আতাউর রহমানকে পিটিয়ে আহত করে দুস্কৃতকারীরা।
বাংলাদেশ হকার্স লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা জানান, ফুটপাথের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24